
হালের চিত্রনায়িকা শিরিন শিলা। ‘হিটম্যান’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে আগমন তার। তবে প্রথম ছবিতে নায়িকা হিসেবে নয় একটি পার্শ্বচরিত্র ও আইটেম গানে পারফর্ম করেন তিনি।
এরপর একে একে ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘মিয়াবিবি রাজী’, ‘আমার সিদ্ধান্ত’ ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে তাকে। এই নায়িকার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার তালিকাও বেশ লম্বা। হতাশার বিষয় তিনি সেসব চুক্তিবদ্ধ ও মহরতের ছবির বেশির ভাগই শুটিং শুরু হয় বা শুরু হলেও মাঝপথে থেমে গেছে।
সবশেষ ‘সাহসী যোদ্ধা’ ছবিতে অভিনয় করেছেন শিরিন শিলা। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ইমন। ছবিতে আরও দেখা যাবে এক সময়ের সাড়া জাগানো জুটি আমিন খান ও পপিকে। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে আরও একটি নতুন ছবিতে অভিনয় শুরু করেছেন শিরিন শিলা। ছবির নাম ‘দরদ’। একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। তার বিপরীতে রয়েছেন সালমান জাফরী।
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা নির্মাণের সংখ্যা কমে গেছে। সেই হিসেবে শিলার নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া ও কাজ করার খবর আশা জাগানিয়া। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও ব্যবসা সফল কোনও ছবির নায়িকার তকমা লাগেনি এই নায়িকার নামের সাথে। সুঅভিনেত্রী শিলার নামের সঙ্গে সফল ছবির নায়িকার তকমা লাগতে আর কতদিন তা সময়ই বলে দেবে।
এম/পি




