
গেল ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে তামিল অভিনেতা থালাপতি বিজয় অভিনীত সিনেমা বিগিল। সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল। বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছ। মাত্র তিন দিনে একশ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।
সাফল্য নিয়ে বিজয় যখন ব্যস্ত, তখন অভিনেতাকে দেওয়া হলো হত্যার হুমকি। ভারতীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবক পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানায়, সালিগ্রামামে অভিনেতা বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে, তাকে হত্যা করা হবে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতার চেন্নাইয়ে এই অভিনেতার বাড়িতে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে বিজয়ের বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার বাড়িতে নিরাপত্তা জোরদার করেন। বিজয়, তার স্ত্রী সংগীতা বাচ্চাদের নিয়ে পানাইউরের অন্য একটি বাসায় থাকেন। নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীকে তার পানাইউরের বাসায় প্রেরণ করা হয়েছিল।

জানা গেছে, এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশের দেয়া তথ্যমতে, চেন্নাইয়ের এক যুবক ফোন কলটি করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্বব্যাপী প্রায় চার হাজার দুইশ পর্দায় মুক্তি পায় বিগিল। এতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, নয়নতারা, কাথির, যোগী বাবু, বিবেক প্রমুখ। এই সিনেমা পরিচালনা করেছেন অ্যাটলি। থেরি, মেরসাল’র পর এই নির্মাতার সঙ্গে এটি বিজয়ে তৃতীয় সিনেমা।
জিএ




