
প্রতিদিন এই বাংলাদেশের খবরের নেই শেষ/ তিল তিল করে উঠছে গড়ে সোনার বাংলাদেশ/এই বাংলায় জন্মেছিল ক্ষুদিরাম সূর্য সেন/জাহানারা ইমাম এ মাটিতে বীর সন্তান জন্ম দেন/পদ্মা মেঘনা যমুনার ধারা আজো বহমান/কলম হাতে কণ্ঠে ওঠে আজ বাংলাদেশের গান/সাতই মার্চ বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বান/সালাম তোমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন গণমাধ্যমের বেশ কয়েকজন কর্মী। বিজয় দিবসকে সামনে রেখে ‘বাংলাদেশের খবর’ শিরোনামের গানটি লিখেছেন সুমন সাহা।
গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন, যমুনা টিভির সাংবাদিক মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মাহমুদা মৌমিতা ও দোলা ডলোরেস, ডিবিসি নিউজের সিনিয়র নিউজ প্রেজেন্টার সোনিয়া হক, নিকিতা নন্দিনী ও ক্রীড়া সাংবাদিক শাহান পাপন এবং গণমাধ্যমকর্মী আহমেদ তোফায়েল।
সুমন সাহার লেখা গানের কথায় সুর-সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। গান প্রসঙ্গে তিনি বলেন, গীতিকবি সুমন সাহা যখন প্রথম আমাকে এই গানের পরিকল্পনার কথা বলেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আমার কাছে সম্পূর্ণ ব্যাপারটি একটি ইন্টারেস্টিং প্রজেক্ট মনে হয়েছে। কাজটি করে ভালো লাগছে।
সংবাদকর্মীদের নিয়ে হঠাৎ কেন গান এই প্রসঙ্গে এই গীতিকার সুমন সাহা বলেন, এর আগেও দেশের গান লিখেছি। সংগীতশিল্পীরা তা গেয়েছেন। এবার মনে হলো- আমাদের দেশে অনেক সংবাদকর্মী আছেন যারা খুব ভালো গান করেন এবং তাদের গানের ব্যাকগ্রাউন্ডও আছে। পেশাগত কারণে মানুষ তাদের সাংবাদিক হিসেবে চেনেন। তাই সংবাদকর্মীদের কণ্ঠ মানুষের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন।
গানটির সঙ্গীত সংযোজন ও ভিডিওর কাজ চলছে। বিজয় দিবসের আগেই গানওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্ত হবে। এছাড়া দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে ‘বাংলাদেশের খবর’ গানটি প্রচারিত হবে।
জিএ/পি




