
অভিনেতা হওয়ার আগে ক্রিকেট খেলতেন ইরফান খান। সিকে নাইডু ট্রফিতে রাজস্থানের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। গল্পটি অনেকের জানা।
কলকাতার বাটা স্টেডিয়ামেও ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাকে একথা কজনই বা জানেন। মাস খানেকেরও বেশি সময় বাটা স্টেডিয়ামে ব্যাট-বল করতে দেখা যেত ইরফানকে।
তবে সেটি অনেক পুরোনো গল্প। ১৯৯৯ সালে ‘দ্য গোল’ নামে এক হিন্দি ছবির শুটিং হয়েছিল বাটা স্টেডিয়ামে। খবর ইন্ডিয়া টাইমস।
প্রফুল্ল রায়ের গল্প অবলম্বনে, গুল বাহার সিংয়ের পরিচালনায় সেই সিনেমায় বাঙালি ফুটবল কোচের ভূমিকায় ছিলেন ইরফান খান। তার চরিত্রের নাম অনুপম। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিল বছর পনেরোর এক কিশোর। মানু নামের সেই চরিত্রে অভিনয় করেছিলেন বাটারই ছেলে তাপস ঢালি।
ইরফান চলে গেছেন ২৯ এপ্রিল। ২১ বছর পরেও তাপসের মনে আছে সব কিছু। তাপস বলেন, ‘ইরফান স্যার ফুটবল খুব ভালো খেলতে পারতেন না। তবে সিনেমার প্রয়োজনে যতটুকু দরকার, সেটা খুব মন দিয়ে শিখেছিলেন। কিন্তু ক্রিকেটটা খেলতেন দারুণ। ভোরবেলা থেকে বাটা স্টেডিয়ামে শুটিংয়ের প্রস্তুতি শুরু হতো। ইরফান স্যার এসেই ক্রিকেট খেলতে নেমে যেতেন। স্টেডিয়ামে মর্নিংওয়াকে এসে অনেকেই ক্যাম্বিস বলে ক্রিকেট খেলতেন। ইরফান স্যার তাদের সঙ্গে এতটাই মজে যেতেন, শুটিংয়ে ডাকতে হতো বারবার।’
‘দ্য গোল’ জাতীয় পুরস্কার সহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও জিতেছিল। সিনেমায় দেখানো হয়েছিল এক চোরের ছেলে মানুকে আবিষ্কার করে ফুটবলার তৈরি করেছিলেন কোচ ইরফান। একটা সময় শুটিং শেষ হয়ে যায়। চলে যাওয়ার আগে তাপসকে ইরফান বলেছিলেন, ‘বড় ফুটবলার হতে হবে। খেলা ছেড়ো না।’
ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তাপসের। কিন্তু ইরফানের সঙ্গে অভিনয় তার সারা জীবনের সম্পদ হয়ে রয়ে গেল বলে জানান তিনি।
এম




