
অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথ আমাদের দৈনন্দিন আর্থিক লেনদেনের অন্যতম সহজ ও নিরাপদ মাধ্যম হলেও মাঝে মাঝে কার্ড আটকে যাওয়ার সমস্যা দেখা দেয়। বিশেষ করে জরুরি সময় এই সমস্যা বড় ধরনের ভোগান্তি তৈরি করে। তাই কার্ড আটকে গেলে কী করতে হবে, সে বিষয়ে জেনে নেওয়া জরুরি।
এটিএম কার্ড কেন আটকে যায়
বারবার ভুল পিন দেওয়া: তাড়াহুড়ো বা ভুলক্রমে তিনবার পিন নম্বর ভুল দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কার্ড আটকে দেয়।
বিদ্যুৎ বা নেটওয়ার্ক সমস্যা: লেনদেনের সময় বিদ্যুৎ বা ইন্টারনেটের বিঘ্ন ঘটলে কার্ড মেশিনে আটকে যেতে পারে।
মেয়াদোত্তীর্ণ কার্ড ব্যবহার: মেয়াদ শেষ হয়ে যাওয়া কার্ড ব্যবহার করলে কার্ড আটকে যাওয়ার সম্ভাবনা থাকে।
এটিএম সার্ভারের সমস্যা: ব্যাংকের সার্ভারে যদি সমস্যা থাকে, তখন লেনদেন ব্যাহত হয় এবং কার্ড আটকে যেতে পারে।
ক্ষতিগ্রস্ত কার্ড: ভাঙা বা ফাটা কার্ড মেশিনে আটকে যেতে পারে।
অসমর্থিত কার্ড: কিছু এটিএম শুধুমাত্র নির্দিষ্ট কার্ডই গ্রহণ করে, অন্য কার্ড হলে সমস্যা হতে পারে।
কার্ড আটকে গেলে কী করবেন?
১. লেনদেন বাতিল করুন এবং অপেক্ষা করুন: প্রথমে ‘ক্যানসেল’ বাটন চাপ দিয়ে লেনদেন বাতিলের চেষ্টা করুন। এরপর কিছু সময় অপেক্ষা করুন; অনেক সময় সার্ভার দেরিতে কাজ করলে কার্ড বের হয়ে আসে।
২. বুথের কর্মী বা নিরাপত্তাকর্মীকে জানান: বুথে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অবহিত করুন।
৩. ব্যাংকের কাস্টমার কেয়ার হেল্পলাইনে কল করুন: কার্ড ব্লক করার নির্দেশ নিন এবং পরবর্তী করণীয় সম্পর্কে জেনে নিন।
৪. নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করুন: যদি কাস্টমার কেয়ার যোগাযোগ সম্ভব না হয়, তাহলে নিকটবর্তী শাখায় গিয়ে সাহায্য নিন।
৫. ঘটনার বিস্তারিত নোট করে রাখুন: কার্ড নম্বর, ব্যাংকের নাম, সময় ও অন্যান্য তথ্য লিখে রাখুন।
৬. নতুন কার্ডের জন্য আবেদন করুন: কার্ড ফেরত না পেলে নতুন কার্ডের আবেদন করতে হবে, যা সাধারণত ৭ থেকে ১৫ দিন সময় নেয়। আবেদন করতে জাতীয় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ও পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়।
সতর্কতা অবলম্বন করুন
*) কার্ড ব্যবহারের সময় সাবধান থাকুন, পিন নম্বর ভুল দেবেন না।
*) কার্ড ক্ষতিগ্রস্ত হলে তা ব্যবহার করবেন না।
*) মেয়াদোত্তীর্ণ কার্ড নিয়মিত বদলাতে থাকুন।
এটিএম কার্ড আটকে গেলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। ধীরে ধীরে উপরের ধাপগুলো অনুসরণ করলে সহজেই সমস্যা সমাধান সম্ভব। ব্যাংকিং সেবা সঠিকভাবে ব্যবহার করলে এটিএম থেকে নিরাপদ ও ঝামেলামুক্ত লেনদেন নিশ্চিত করা যায়।
আরটিভি/এসকে


