
কর্মক্ষেত্রে দিনের বড় একটি সময় কাটে সহকর্মীদের সঙ্গে। প্রতিদিনের কাজ, আড্ডা কিংবা গল্প করতে করতে অনেক সময় সহকর্মীর সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্কের জায়গা থেকেই অনেকে ব্যক্তিগত জীবন, পরিবার, সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার নানা কথা শেয়ার করে ফেলেন।
তবে কর্মক্ষেত্রে সম্পর্ক যতই ভালো হোক, ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিজের মধ্যেই রাখা নিরাপদ। কারণ বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ক এক বিষয় নয়। সময়ের সঙ্গে সহকর্মী, দায়িত্ব কিংবা সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে। তখন একসময় বিশ্বাস করে বলা কথাই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
প্রেম ও সম্পর্কের কথা
প্রেম করছেন কি না, সম্পর্ক কেমন চলছে কিংবা সঙ্গীর সঙ্গে কোনো সমস্যা রয়েছে কি না এসব অত্যন্ত ব্যক্তিগত বিষয়। ঘনিষ্ঠ সহকর্মী হলেও সম্পর্কের খুঁটিনাটি জানানো জরুরি নয়। ব্যক্তিগত সম্পর্কের এসব তথ্য পরবর্তী সময়ে অফিসের আড্ডা কিংবা আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
বিয়ে ও সংসারের বিষয়
বিয়ে কবে করবেন, কেন বিয়ে করছেন না, সংসারে কী চলছে কিংবা পরিবারের সঙ্গে কোনো সমস্যা আছে কি না এ ধরনের বিষয় ব্যক্তিগত। নিজের পারিবারিক জীবনের এমন তথ্যও অফিসে বিস্তারিতভাবে শেয়ার না করাই ভালো, যা পরে অন্যের মন্তব্য বা আলোচনার কারণ হতে পারে।
সন্তান নেওয়ার পরিকল্পনা
বিয়ে হয়েছে কি না, সন্তান নেওয়ার পরিকল্পনা কী কিংবা পরিবার নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত কী এসব সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কোনো সহকর্মী নিজে থেকে এসব তথ্য না জানালে এ বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখানোও ঠিক নয়।
আর্থিক তথ্য
বেতন কত, পরিবারের আর্থিক অবস্থা কেমন, ঋণ আছে কি না কিংবা কত টাকা সঞ্চয় করেন এসব তথ্যও ব্যক্তিগত। বন্ধুত্বের জায়গা থেকে আলোচনা শুরু হলেও পরবর্তী সময়ে তা অপ্রয়োজনীয় তুলনা, আলোচনা কিংবা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে।
অফিসের অন্যদের নিয়ে ব্যক্তিগত মতামত
কোনো সহকর্মীর অনুপস্থিতিতে তাকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করা অনেক সময় সহজ মনে হতে পারে। একইভাবে বস, সিনিয়র কিংবা অন্য সহকর্মী সম্পর্কে নেতিবাচক মন্তব্যও পরে সমস্যার কারণ হতে পারে। কে কখন সেই কথা অন্যের কাছে বলবেন, তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই কারও অনুপস্থিতিতে কথা বলার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।
চাকরি বদলের পরিকল্পনা
অন্য কোথাও চাকরির চেষ্টা করছেন, কোথায় আবেদন করেছেন কিংবা কবে চাকরি ছাড়তে পারেন এ ধরনের পরিকল্পনা নিশ্চিত হওয়ার আগে সহকর্মীদের জানানো প্রয়োজন নেই। ক্যারিয়ার-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের নিয়ন্ত্রণে রাখাই নিরাপদ।
নিজের দুর্বলতা বা ব্যক্তিগত সংকট
জীবনের কঠিন সময়, ব্যক্তিগত সমস্যা কিংবা নিজের কোনো দুর্বলতার কথা কাছের কাউকে বললে মানসিকভাবে স্বস্তি পাওয়া যেতে পারে। তবে কর্মক্ষেত্রে এমন তথ্য শেয়ার করার আগে ভাবা উচিত, ভবিষ্যতে তা কোনোভাবে পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে কি না।
ব্যক্তিগত নথি ও গোপন তথ্য
পাসওয়ার্ড, গুরুত্বপূর্ণ নথি, ব্যক্তিগত ছবি, ব্যাংক বা আর্থিক তথ্য কিংবা প্রতিষ্ঠানের গোপন কোনো তথ্য কখনোই শুধু বিশ্বাসের ওপর ভিত্তি করে অন্যের সঙ্গে ভাগ করা উচিত নয়। ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তার জন্য এসব তথ্য গোপন রাখা জরুরি।
তাহলে কি কলিগের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না?
অবশ্যই যাবে। কর্মক্ষেত্রে বন্ধুত্ব, আড্ডা ও পারস্পরিক সহযোগিতা কাজের পরিবেশকে আরও স্বস্তিদায়ক করে তুলতে পারে। তবে বন্ধুত্ব মানেই নিজের জীবনের প্রতিটি দরজা খুলে দেওয়া নয়।
কর্মক্ষেত্রে মানুষকে বিশ্বাস করা যায়, বন্ধুত্বও করা যায়। তবে নিজের ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ নিজের কাছেই রাখা গুরুত্বপূর্ণ। কাউকে খারাপ ভাবা কিংবা সবাইকে সন্দেহ করার বিষয় এটি নয়। বরং মনে রাখা দরকার, পেশাগত সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যেতে পারে।
আজ যে সহকর্মী খুব কাছের, ভবিষ্যতে তিনি হয়তো অন্য বিভাগে, অন্য প্রতিষ্ঠানে কিংবা সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় থাকবেন। তাই কর্মক্ষেত্রে ভালো সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু সীমারেখাও থাকা প্রয়োজন।
সব কথা বললেই সম্পর্ক গভীর হয় না। কখন কোন কথা নিজের কাছে রাখতে হবে, সেটিও পেশাদারিত্বের গুরুত্বপূর্ণ অংশ।
আরটিভি/এসকে


