
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার সার্বিক পরিস্থিতি আজ শনিবার জানা যাবে। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তির পর এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার সকালে মেয়রের মস্তিস্কের সিটি স্ক্যান করার পর তার শরীরের সার্বিক পরিস্থিতির ব্যাপারে জানা যাবে ।
আইভীর চিকিৎসার দায়িত্বে থাকা ডা. বরেণ চক্রবর্তী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোগীর মাথায় আঘাত রয়েছে। আর আঘাতের কারণে রক্তক্ষরণও হয়েছে।
তিনি বলেন, মাথায় যে কোনো ধরনের হ্যামারেজ (ক্ষত) স্পর্শকাতর বিষয়। পরবর্তী সিটি স্ক্যান করার পরেই জানা যাবে, তার শরীরের বর্তমান অবস্থা কী।
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন আইভী। মাথায় রক্তক্ষরণ দেখে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। তার চিকিৎসাসেবা নিয়ে ইতোমধ্যেই তিনবার বোর্ড গঠন করা হয়েছে। শনিবার ফের সিটি স্ক্যান করা হচ্ছে। সিটি স্ক্যান প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে গত মঙ্গলবার চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। তখন নেতাকর্মীরা মানব ঢাল দিয়ে আইভীকে রক্ষা করেন।
আরও পড়ুন
এমকে




