আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, দেশজুড়ে সচেতনতার নানা আয়োজন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:২৬ এএম


আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, দেশজুড়ে সচেতনতার নানা আয়োজন
ছবি: সংগৃহীত

আজ ৭ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং সবার জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতি বছর দিবসটি উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যখাতে কাজ করা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য দিবসের ইতিহাস বেশ পুরোনো। ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সমন্বয়ের লক্ষ্যে একটি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এরপর ওই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে গৃহীত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন। পরে ১৯৪৮ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই আইন কার্যকর হয়। সেই থেকেই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা শুরু হয়।

বিজ্ঞাপন

প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ইস্যু নির্বাচন করে, যা সারা বিশ্বের মানুষের জন্য প্রাসঙ্গিক। এরপর সেই বিষয়কে সামনে রেখে বিভিন্ন দেশে সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা আয়োজন করা হয়।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এ এম মুহিত। 

এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশের জাতীয় হার্ট ফাউন্ডেশন। ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত তারা সেবা সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর অংশ হিসেবে খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান, এই প্রতিপাদ্যে একটি গণমুখী সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ (৭ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিশ্ব স্বাস্থ্য দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিন নয়। বরং এটি মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলার বার্তাই এই দিবসের মূল লক্ষ্য।

বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করার প্রত্যয়ে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission