
নারীদের হৃদরোগের ঝুঁকি শুধু বয়সের ওপর নির্ভর করে না, বরং জীবনের বিভিন্ন পর্যায়ের হরমোনের পরিবর্তনের সঙ্গেও জড়িত। প্রথম মাসিক থেকে শুরু করে গর্ভাবস্থা ও মেনোপজ পর্যন্ত বিভিন্ন সময়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনসহ কয়েকটি স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা নারীদের হৃদস্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা প্রকাশ করেছেন। এতে শৈশব থেকেই হৃদরোগের ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ১০ বছর বয়সের আগে প্রথম মাসিক হলে ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া অনিয়মিত বা অতিরিক্ত মাসিক, হরমোনজনিত সমস্যা এবং গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলেও পরবর্তী জীবনে হৃদরোগের আশঙ্কা বাড়ে।
গর্ভাবস্থা নারীদের হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে। সন্তান জন্মের পর প্রথম এক বছরও হৃদ্রোগের ঝুঁকির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ সময়ে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি কিংবা পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।
এছাড়া মেনোপজের (মেনোপজ হলো এমন একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যখন একজন নারীর মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং তার গর্ভধারণের ক্ষমতা শেষ হয়।) আগে কয়েক বছর ধরে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে। এতে ক্ষতিকর কোলেস্টেরল বাড়তে পারে, রক্তনালি শক্ত হয়ে যেতে পারে এবং শরীরে চর্বি জমার প্রবণতা বাড়ে। মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি দ্রুত বাড়তে থাকে।
বিশেষজ্ঞরা শিশু বয়স থেকেই স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, মাসিকের ইতিহাস, গর্ভাবস্থার জটিলতা ও মেনোপজের সময়সহ নারীদের প্রজননস্বাস্থ্যের তথ্য হৃদরোগের ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএনএন
আরটিভি/জেএমএ

