
উত্তর কোরিয়া আবারও জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এ নিয়ে চলতি বছর ১৪ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল দেশটি। উত্তর কোরিয়া পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের উপকূলরক্ষী বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ শনাক্ত করেছে। জাপানের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উত্তর-পূর্ব হোক্কাইদো এবং আওমোরি অঞ্চলে ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মূলত উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে ‘যতটা সম্ভব দ্রুততম গতিতে’ আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার প্রায় সপ্তাহখানেক পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটল।
২০১৭ সালের পর এটাই প্রথম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যা জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ‘বর্বর ঘটনা’র নিন্দা জানিয়েছেন।
এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলও সমালোচনা করেছেন। জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রধান নিজ নিজ জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছেন।




