
ইরানে থাকা ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের জন্য কাজ করা চারটি দলকে আটক করেছে বলে দাবি করেছে দেশটি। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এমন দাবি করেছে। আটককৃতরা সাম্প্রতিক বিক্ষোভের সময় উগ্রবাদী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় সরকার।
এ নিয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, মোসাদের গুপ্তচরদের নিয়ে গঠিত চারটি দলকে ধরা হয়েছে। খবর- তাসনিম নিউজ এজেন্সির।
নিউজে বলা হয়েছে, সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন অংশে যে বিক্ষোভ শুরু হয়েছিল, সে বিক্ষোভের সুযোগ নিয়ে ইসরায়েলি জায়নবাদী শাসকদের লক্ষ্য ছিলো গোপন অভিযান চালানো। এ জন্য দেশে থাকা তাদের গুপ্তচর দলগুলোকে নির্দেশ দেওয়া হয়। যাতে তারা সম্মিলিতভাবে অনেকগুলো উগ্রবাদী কর্মকাণ্ড চালাতে পাড়ে।
কিছু করে ওঠার আগেই ইরানি কর্তৃপক্ষ তাদের সবাইকে ধরে ফেলে। এমন দাবি মন্ত্রণালয়ের।
২০২০ সালের নভেম্বর মাসে তেহরানের উপকণ্ঠে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পর থেকে দুই চিরশত্রু দেশের মধ্যে উত্তেজনা চলছে। ওই হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে আসছে।




