
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কেঁপে উঠেছে গোটা ইউক্রেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ও যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। খবর বিবিসির।
পোডোলিয়াক জানান, সাধারণ নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে— কিয়েভ, জিতোমির, ওডেসা, লিভিভ এবং ঝিটোমির শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে নিপ্রো ও ওদেসা অঞ্চল।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, আকাশে ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুটি বাড়িকে ক্ষতিগ্রস্ত করেছে। কিয়েভে ‘বেশ কয়েকটি বিস্ফোরণের’ খবর পাওয়া গেছে।
রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলার আগে ইউক্রেনে সতর্কতা জারি করা হয়। এসময় দেশটির প্রেসিডেন্টের আরেক উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান এবং বলেন যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকাতে কাজ করছে।




