
মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯ জন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ১৪ মিনিটে শক্তিশালী এ ভূমিকম্প হয়। দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বিপর্যয়ের সময় দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।
উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মাঝে আহতদের উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে।
৩২ বছর আগে ঠিক এদিনেই এক ভয়ংকর ভূমিকম্পে আক্রান্ত হয়েছিল উত্তর আমেরিকার দেশটি। সেবার নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। ভূমিকম্পপ্রবণ দেশটির দক্ষিণে চলতি মাসের শুরুতেই ৮ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৯০ জন নিহত হয়েছিলেন।
রাজধানীর দক্ষিণে অবস্থিত মোরেলোস রাজ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন বলে নিশ্চিত করেছে সেখানকার গভর্নর। ৫৪ জনের মরদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। দক্ষিণ-পূর্বের শহর পুয়েবলোতে ২৬ জন ও পশ্চিমের মেক্সিকো রাজ্যে ৯ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
প্রায় ২ কোটি মানুষে দেশটিতে উদ্ধারকাজ এরইমধ্যেই শুরু হয়েছে। ভূমিকম্পে দেশটির যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকার্যে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে সিএনএন। পুরো দেশের বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। নাগরিকদের রাস্তায় ধূমপান করতে নিষেধ করা হয়েছে। ৪৪টি স্থানে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন রাজধানীর মেয়র মিগুয়েল অ্যাঙ্গেল।
এপি/এসএস




