
ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে শিমলা থেকে দ্রুত দিল্লিতে ফিরিয়ে এনে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ওই হাসপাতালের ড. ডিএস রানা।
তিনি জানান, সোনিয়া গান্ধী এখন ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে যে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।
এদিকে শুক্রবার রাতে রাহুল গান্ধী তার টুইটারে দেয়া এক পোস্টে লিখেছেন, মা শিমলায় ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাই আমরা তাকে ফিরিয়ে এনেছি। চিন্তার কোনো কারণ নেই। তিনি এখন অনেক ভালো আছেন। তাকে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।
ভারতের যে কয়েকটি রাজ্যে এখনো কংগ্রেস সমর্থিত সরকার রয়েছে তার মধ্যে হিমাচল প্রদেশ একটি। আগামী ৮ নভেম্বর এখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ভোট গণনা করা হবে আগামী ১৮ ডিসেম্বর।
এই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যান সোনিয়া গান্ধী। শিমলায় বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
কংগ্রেসের ৭০ বছরের এই সভানেত্রী দীর্ঘদিন ধরে স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তিনি বেশ কয়েকবার আমেরিকায় গিয়ে চিকিৎসাও নিয়েছেন।
কে/এমকে




