
ভারতের নয়াদিল্লিতে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। তালেবান দেশটির ক্ষমতায় আসার দুই বছরের মাথায় ভারতে দূতাবাস বন্ধের এ ঘোষণা দিলো। অথচ ভারত আফগানিস্তানে এই অঞ্চলের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা প্রদানকারীও ছিল।
শুক্রবার (২৪ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) এক চিঠি প্রকাশ করেছে আফগান দূতাবাস। তাতে বলা হয়েছে, ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের দূতাবাস নয়াদিল্লিতে তার কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেয়ার জন্য দুঃখ প্রকাশ করছে। এখন আফগান প্রজাতন্ত্রের কোনও কূটনীতিক আর ভারতে নেই।
রাষ্ট্রদূত ফরিদ মামুনজাদে ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিরাপদে তৃতীয় দেশে চলে গেছেন।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান সরকার। তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাবুল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিল ভারত। সেই থেকে আফগানিস্তানে নয়াদিল্লির কোনও কূটনীতিক নেই।
তালেবান ক্ষমতায় ফেরার আগে ভারত পশ্চিমা সমর্থিত আফগানিস্তানের সাবেক সরকারের অন্যতম প্রধান সমর্থনকারী দেশ ছিল।




