
২৪ ঘণ্টার ব্যবধানে ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে দেশটির মিন্দানাও দ্বীপ কেঁপে ওঠে।
রয়টার্সের তথ্যমতে, এই ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিক ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।
এর আগে, শনিবার সন্ধ্যায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। ভূমিকম্পের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
গত মাসের ১৭ তারিখ দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়। ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।




