
গাজা উপত্যকায় ফিলিস্তিনির সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, কমপক্ষে একশত বন্দিকে চোখ বেঁধে অন্তর্বাস পরা অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হাঁটুতে ভর দিয়ে বসিয়ে রাখা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এসব ছবি ও ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তারিখ না থাকা ভিডিও প্রথম প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। ওই দেখা গেছে, বন্দি ফিলিস্তিনিদের মাথা নিচু অবস্থায় রাস্তায় হাঁটুতে ভর দিয়ে বসে আছেন। তাদের পাহারা দিচ্ছে ইসরায়েলি সেনারা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ইসরায়েলি সেনাদের এমন আচরণের নিন্দা জানাচ্ছেন বিশ্বেবাসী।
আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেছেন, অর্ধনগ্ন ব্যক্তিদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এসব স্থানীয়রা ও পরিবারের সদস্যরা বন্দিদের অনেককে চিনতে পেরেছেন।
ফিশার বলেছেন, স্থানীয়রা বলছেন, এদের একজন শিক্ষার্থী ও অপর একজন দোকান পরিচালনা করতেন। এদের ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে কোনও যোগসূত্র নেই। বন্দীদের মধ্যে স্থানীয় একজন পরিচিত সাংবাদিককে শনাক্ত করেছেন। যখন বন্দিদের সারিবদ্ধ বসিয়ে রাখা হয়েছিল তখন দুই সন্তানসহ একব্যক্তিকে তারা শনাক্ত করতে পেরেছেন।
আল-হক নামের মানবাধিকার সংস্থার পরিচালক শাওয়ান জাবারিন বলেছেন, ছবিগুলো দেখে তিনি বিমূঢ় হয়ে পড়েছেন। এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দি ও আটকদের সঙ্গে আচরণের কথা মনে করিয়ে দিচ্ছে।
আল-হক পরিচালক বলেন, এটি অমানবিক। এটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ।




