
পাকিস্তান অধিকৃত গিলগিট বালতিস্তানে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। এতে স্থানীয়দের জীবনযাপন দুর্বিষহ হয়ে পরেছে।
স্থানীয় উর্দু সংবাদপত্র দৈনিক বাদ-ই-শিমাল এক প্রতিবেদনে জানায়, গিলগিট-বালতিস্তান সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখোমুখি। গিলগিটে ২০ ঘণ্টার লোডশেডিং চলছে।
এতে আরও বলা হয়, গত ১৫ বছর ধরে কোনো সরকারই এই সমস্যার সমাধান করতে না পারায় ভোগান্তিতে আছে স্থানীয়রা। অদূর ভবিষ্যতেও এ ধরনের কোনো আশা নেই।
শীত মৌসুমে তীব্র শীত এবং অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে এ অঞ্চলের মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
গিলগিট বালতিস্তানের একটি সংবাদপত্র পামির টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, প্রত্যন্ত উপত্যকা এবং দূরবর্তী অঞ্চলগুলি এখন অন্ধকারে নিমজ্জিত। এ অবস্থায় স্থানীয়দের ডিজেল-জেনারেটর, কেরোসিন তেল এবং মোমবাতির উপর নির্ভর করতে হচ্ছে। সরকার এই অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের জন্য একটি টেকসই ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে।
পামির টাইমস বলেছে, এই অঞ্চলে পর্যটনের প্রচারের কারণে সংকট সমাধান না করেই আন্দোলনকারীদের দমন করার জন্য প্রায়শই নানা কৌশল ব্যবহার করা হয়।
অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে এ অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে হোটেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। গিলগিট-বালতিস্তানে প্রাকৃতিক উপাদান থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফেডারেল এবং আঞ্চলিক সরকার এই অঞ্চলের সম্পদগুলি ব্যবহার করতে বারবার ব্যর্থ হয়েছে বলে মনে করে স্থানীয়রা।




