
ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত হুগো হাভিয়ের গোবি বলেছেন, গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক, বাণিজ্য, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে সম্পর্ক উন্নতি হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুগো হাভিয়ের গোব্বি বলেন, এই প্রক্রিয়া বহু বছর আগে শুরু হয়েছিল। তবে গত পাঁচ বছরে এই সম্পর্ক আরো বিকশিত হয়েছে।
ভারত-আর্জেন্টিনা সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমি খুব সন্তুষ্ট যে গত কয়েক বছরে সাংস্কৃতিক, অর্থনৈতিক, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, প্রতিরক্ষা, পারমাণবিক ক্ষেত্র এবং মহাকাশসহ সমস্ত ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে এবং বিকশিত হয়েছে। সুতরাং আমি কেবল বলতে পারি, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা নিয়ে আমরা খুব গর্বিত। আমি এই প্রক্রিয়ার অংশ হতে পেরে আমি খুশি এবং এই কাজ নিয়ে গর্বিত।
তিনি মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন এবং এটিকে উপনিবেশিক ইস্যু বলে অভিহিত করেন। তিনি বলেন, আর্জেন্টিনা কূটনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক সমাধানের জন্য ভারতের আলোচনাকে মূল্য দেয়।
হুগো হাভিয়ের গোব্বি গায়ানা-ভেনিজুয়েলা সংকট কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, গায়ানা ও ভেনেজুয়েলার সংঘাত হওয়া উচিত নয়। মঙ্গলবার দিল্লিতে ‘কেরালা লিটারেচার ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই মন্তব্য করেন গোব্বি।




