
ভারত নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ কাশ্মীরে রাতভর বন্দুকযুদ্ধে দুই সেনা সদস্য ও এক জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে দুই জঙ্গি পালিয়ে গেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে শুক্রবার এমন খবর প্রকাশ করে কাশ্মীর রিডার।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর সিটির ২৮ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার শ্যামবুরা গ্রাম ঘিরে ফেলে বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ ও সেনা বাহিনী অভিযান চালালে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।
ওই অঞ্চলের পুলিশ প্রধান শেশ পল ভেইড জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা শ্যামবুরা গ্রামটি ঘিরে ফেলে অভিযান শুরু করলে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। বন্দুকযুদ্ধে আমরা আমাদের দুই সৈন্যকে হারিয়েছি এবং এ সময় এক জঙ্গি নিহত হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় অবস্থানরত আরো দুই জঙ্গি নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে নিহত জঙ্গির পরিচয় জানা না গেলেও ধারনা করা হচ্ছে সে বিদেশি নাগরিক।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে ৭ ভারতীয় বেসামরিক ব্যক্তি আহত হয়েছিলেন।
এছাড়াও একইমাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার ত্রালে নিজ বাড়িতে জঙ্গিরা বন্দুক হামলা চালালে এক স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। তবে এখন পর্যন্ত কোন জঙ্গি গ্রুপ এ হত্যার দায় স্বীকার করেনি।
এপি




