
সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে বেশ কয়েকজন প্রিন্স ও মন্ত্রী গ্রেপ্তারের ঘটনায় এরই মধ্যে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। তবে এটি কেবল অভিযানের শুরু বলে মন্তব্য করেছেন সৌদি অ্যাটর্নি জেনারেল শেখ সাউদ আল মুজেব। মঙ্গলবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।
শেখ সাউদ আল মুজেব বলেন, ‘দুর্নীতি উপড়ে ফেলার লড়াইয়ে এটা প্রথম পদক্ষেপ।’
প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি বিরোধী এই অভিযানকে প্রিন্স একক ক্ষমতা সুসংহত করার প্রয়াস ভাবা হচ্ছে। শনিবার দুর্নীতির অভিযোগ এনে ১১ জন প্রিন্স, চারজন মন্ত্রী ও বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানের ১ দিন পরে আসির প্রদেশের গভর্নর প্রিন্স মানসৌর বিন মুকরিন ইয়েমেন সীমান্তে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যু নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল শেখ সাউদ বলেন, ‘এই গ্রেপ্তার প্রথম ধাপ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়েছি আমরা। আর জিজ্ঞাসবাদ চলছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি কর্তৃপক্ষের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘বাদশাহ সালমান ও যুবরাজের প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। তারা যা করছেন, বুঝে শুনেই করছেন। আটককৃতদের অনেকেই তাদের দেশের সঙ্গে বিরূপ আচরণ করছেন।’
এপি




