
ভোটের মাধ্যমে দুঃশাসন আর অপশাসনের জবাব দিলেন আমেরিকানরা। গেলো দশ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান শাসিত কংগ্রেসের বিভিন্ন পদক্ষেপে অতিষ্ঠ ভোটাররা ভার্জিনিয়া এবং নিউজার্সি অঙ্গরাজ্যের দুই রিপাবলিকান গভর্নরকে ধরাশায়ী করেছেন। ভার্জিনিয়ার গভর্নর হিসেবে জয় পেয়েছেন ডেমোক্র্যাট রাল্ফ এস নরথ্যাম। অপরদিকে, নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে জয়ী হলেন ফিলিপ মার্ফি। খবর বিবিসি, সিএনএন।
গতকাল মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগে থেকেই বিভিন্ন গণমাধ্যম এই নির্বাচনকে ট্রাম্পের জন্যে ‘টেস্ট কেস’ হিসেবে অভিহিত করে আসছিল।
তবে ট্রাম্পের শাসনে জনগণ কতটা সন্তুষ্ট তারই স্পষ্ট প্রকাশ ঘটলো এই স্টেট গভর্নর নির্বাচনে। ভার্জিনিয়ার গভর্নর হিসেবে জয়ী ডেমোক্র্যাট রাল্ফ এস নরথ্যাম পেয়েছেন ৫৩.৯ শতাংশ ভোট। এখানে রিপাবলিকান প্রার্থী ছিলেন এডওয়ার্ড জিলেসপাই। তিনি পেয়েছেন ৪৪.৯ শতাংশ ভোট।
অপরদিকে নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে জয়ী হয়েছেন ফিলিপ মার্ফি। তিনি পেয়েছেন ৫৫.৭ শতাংশ ভোট । তার কাছে ধরাশায়ী হয়েছেন রিপাবলিকান কিম গুয়াডেঙ্গো। তিনি ভোট পেয়েছেন ৪২.৪ শতাংশ।
ভার্জিনিয়া এবং নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশী-আমেরিকানরাও উৎসবের আমেজে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটের এ আমেজ ডেমোক্র্যাটরা ধরে রাখতে সক্ষম হলে সামনের বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অহমিকা খর্ব করা সহজ হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
এদিকে নিউ ইয়র্ক সিটির ১১০তম মেয়র নির্বাচনও হলো মঙ্গলবার। নিউ ইয়র্কে সিটির মেয়র বিল দে ব্লাসিও বিপুল ভোটের ব্যবধানে পুনরায় জয়ী হয়েছেন। যদিও রিপাবলিকানরা আটঘাট বেঁধে নেমেছিলো, কিন্তু ভোটারের মধ্যে খুব একটা সাড়া জাগাতে সক্ষম হয়নি।
তার কাছে ধরাশায়ী হলেন রিপাবলিকান নিকোল ম্যালিয়োটাকিস। এই সিটির রেজিস্টার্ড ভোটারের ৭০ শতাংশ এরও বেশী ডেমোক্র্যাট হলেও রিপাবলিকান প্রার্থীরাও ভোটারের মধ্যে জাগরণ তৈরি করতে সক্ষম হয়েছেন।
এপি/এ




