
কারিগরি শিক্ষার মাধ্যমে কিশোরদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রংপুরের আলমনগর কুটিরপাড়ার ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে শতাধিক চেয়ার এবং প্রশিক্ষণ উপকরণ দিয়েছে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন।
এর আগেও সংগঠনটি লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য থ্রি হুইলার গাড়ি উপহার দেয়। অপর একটি বিকল থ্রি হুইলার মেরামত করে দেয়। ঠাকুরগাঁওয়ের একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের বিকল হয়ে যাওয়া লেগুনা পুনরায় মেরামত করে দেয় সংগঠনটি।
অপর দিকে রংপুরের দৃষ্টি সংস্থা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একটি নতুন থ্রি হুইলার ও পাঁচটি হুইল চেয়ার বিতরণ করে। ময়মনসিংহের নুরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে নতুন থ্রি হুইলার আটো, সাতটি হুইল চেয়ার, এক জোড়া ক্র্যাচ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে করে কিশোর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষা অর্জন সহজ হবে।
এসময় ‘ইচ্ছে পূরণ’ কর্মসূচির আওতায় ভবিষ্যতেও শিশু কিশোরদের জীবনমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নেতারা বলেন, আগামী দিনে এই কার্যক্রম সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবাসহ সকল মৌলিক সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
এই কর্মসূচীতে ফাউন্ডেশনের ঢাকা, রংপুর’সহ বিভিন্ন জেলার ২৫ জন স্বেচ্ছাসেবী ছাড়াও রংপুর এর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী) ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার।




