
পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৭ মে) বান্দরবানের লাইমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি বলেন, ‘দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত কুকি-চিনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম। আকিম বম কেএনএফ বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা অঞ্চলের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিম বম জানান, ২০২০ সালের ডিসেম্বরের শুরুর দিকে আকিম ও মাইকেল সন্ধ্যা বেলায় পায়ে হেঁটে কেএনএ এর ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা করেন এবং পরবর্তী দিন পর ভোর পাঁচটার দিকে তারা রোয়াংছড়ির গহীন পাহাড়ি জঙ্গলের ট্রেনিং সেন্টারে পৌঁছান। সেখানে একজন নারী কমান্ডারের সঙ্গে তাদের পরিচিত হন। ট্রেনিং সেন্টারে তাদেরকে স্বাগত জানান ওই নারী কমান্ডার। আকিম বমসহ তাদের ব্যাচে ২০ জন প্রশিক্ষণার্থী ছিলেন। তাদের প্রশিক্ষণ প্রদান করতো ৪-৫ জন এবং প্রশাসনিক কাজের জন্য সেখানে আলাদা সদস্য নিয়োজিত ছিল।’
উল্লেখ্য, গত ৭ এপ্রিল বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করে র্যাব।




