
ভারত-বাংলাদেশ সীমানার দেবহাটার ইছামতী নদী থেকে এক মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহের পকেট থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) ইছামতী নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আহছান হাবিবুল হক (৪৫)। তার পকেট থেকে পাওয়া আইডি কার্ড থেকে জানা গেছে তিনি ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।
কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক বলেন, ইছামতী নদীতে ভেসে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, লাশের পরনে ছিল কালো টি-শার্ট ও জিনস প্যান্ট তার গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীকে (বিএসএফ) বার্তা পাঠানো হয়েছে। লাশ উদ্ধারকালে দেবহাটা থানা–পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদ গণমাধ্যমকে জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।




