
ঘরের মাঠে টানা পাঁচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে থাইল্যান্ডকে পেয়েছে স্বাগকিতরা। এই ম্যাচ জিততে পারলেই শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যাবে বাংলাদেশ।
রোববার (২ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়।
সেমিফাইনাল ম্যাচের আগে শনিবার পুরো সময় হোটেলে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। সন্ধ্যায় জিমে ঘণ্টা দুয়েক ঘাম ঝরান খেলোয়াড়রা। সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচ সুবিমল চন্দ্র দাস বলেন, সেমিফাইনালে নামার জন্য আমার দল প্রস্তুত আছে।
‘থাইল্যান্ড নিঃসন্দেহে ভালো দল। তবে আমরাও সেরা প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলছি। গ্রুপপর্বের মতো এই ম্যাচেও দল নিজেদের সেরাটা দিয়ে লড়বে এবং আমরা ভালো খেলে জিতেই ফাইনালে যাব।’
বাংলাদেশের বিরুদ্ধে বিগ ম্যাচ সামনে রেখে থাইল্যান্ডের ম্যানেজার রবীন্দ্র শেঠি বলেন, রোববার (২ জুন) আমাদের জন্য বড় দিন, কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে খেলব। আমরা গতবার তৃতীয় হয়েছিলাম এবং এবার নজর দেব পরিস্থিতির দিকে।
‘বাংলাদেশ ভালো দল এবং নিজেদের ঘরেও যথেষ্ট ভালো করছে। আমরাও নিজেদের সেরাটা দিয়ে ওদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করব।’
দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কেনিয়া ও নেপাল। সেমিফাইনালে বিজয়ী দুই দল পরশু (সোমবার) ফাইনালে মুখোমুখি হবে।




