
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শান্তির জন্য ফিলিস্তিনিদের অবশ্যই বাস্তবতার মোকাবেলা করতে হবে। এসময় তিনি বলেন, ‘জেরুজালেমই ইসরায়েলের রাজধানী’।
নেতানিয়াহু বলেন, গত ৩ হাজার বছর ধরেই জেরুজালেম ইসরায়েলের রাজধানী ছিল। এটি কখনোই আর কারো রাজধানী ছিল না।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে একটি যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শান্তি প্রক্রিয়া ব্যাহত না করার অনুরোধ করেছেন।
বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সূত্র ধরে মি. ম্যাক্রোঁ বলেন, আমি তাকে বলছি, অনুগ্রহ করে শান্তি আনতে আরেকটি সুযোগ দিন। ফিলিস্তিনিদের কথা ভাবুন, শান্তি যুক্তরাষ্ট্রের হাতে নেই। শান্তি রয়েছে দুই দেশের দুই নেতার হাতে, তাদের শান্তি স্থাপনের উদ্যোগের ওপর।
এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির পর জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উদ্যোগকে ঝুঁকিতে ফেলছে।
মধ্যপ্রাচ্যে চলমান সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। তিনি জেরুজালেমকে ইহুদী, মুসলিম ও খ্রিস্টানদের ‘এক পবিত্র নগরী’ হিসেবেও উল্লেখ করেছেন। এই ঘোষণার প্রতিবাদে আরব ও মুসলিম বিশ্বে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
এক বিবৃতিতে ওই এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আলোচনার মাধ্যমেই কেবল এই সমস্যার সমাধান হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ফিলিস্তিনি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। জেরুজালেমকে রাজধানী ঘোষণা করার প্রতিবাদে মাইক পেন্সের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে অনীহা প্রকাশ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণায় বিশ্বনেতাদের অনেকেই এর নিন্দা জানাচ্ছেন। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেয়ার জন্যও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে আরব লীগ।
এ/এসএস




