
যুক্তরাষ্ট্রে ফ্লাইওভার থেকে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ছিটকে নিচের ব্যস্ত রাস্তায় পরে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।খবর বিবিসি, সিএনএন।
অ্যামট্রাক কোম্পানির যাত্রীবাহী ট্রেনটির নতুন একটি রুটের উদ্বোধনী যাত্রায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ফ্লাইওভারের দুই পাশেই ট্রেনের সবগুলো বগি পরে রয়েছে। একটি বগি ঝুলে রয়েছে।
সিয়াটল থেকে নতুন চালু হওয়া রুটে ট্রেনটি পোর্টল্যান্ড যাবার পথে যাত্রা শুরুর ৪৫ মিনিটের মাথাতেই ফ্লাইওভার থেকে নিচের ব্যস্ত সড়কে আছড়ে পরে ।
ট্রেনটিতে সেসময় ৮০জন মানুষ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলছে কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র এড ট্রোয়ার।
ট্রোয়ার বলছেন যে, এই মুহূর্তে যেটুকু বলতে পারি ট্রেনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার কথা বলতে পারছি না। বহু মানুষ সাহায্যের জন্যে এগিয়ে এসেছে।
তিনি বলছেন অনেককেই বিধ্বস্ত ট্রেন থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার কাজে এখনো অনেক সময় লাগবে।
আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে চিকিৎসার জন্যে। ওয়াশিংটন গভর্নর জরুরি অবস্থার ঘোষণা করে উদ্ধার তৎপরতায় আহ্বান জানিয়েছেন।
জাতীয় নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
এপি/ এমকে




