
ভারতের গুজরাট রাজ্যে টানা ছয়বারের মতো বিজয়ী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। তবে এ বিজয়কে ‘বিজেপির নৈতিক পরাজয়’আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক টুইট বার্তায় মমতা এ মন্তব্য করেন। খবর এনডিটিভি।
তিনি গুজরাট নির্বাচনের ফলকে ‘ভারসাম্যের রায়’বলে আখ্যা দেন এবং এমন রায় দেওয়ার জন্য গুজরাটের জনগণকে অভিনন্দন জানান।
টুইটে তিনি লিখেন, এই সময়ে ভারসাম্যের রায় দেয়ার জন্য গুজরাটবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এ ফল অস্থায়ী ও মুখরক্ষার জয়। তবে এ ফলে বিজেপির নৈতিক পরাজয় স্পষ্ট। গুজরাটবাসী সাধারণ মানুষের ওপর অত্যাচার, উদ্বেগ ও অবিচারের বিরুদ্ধে ভোট দিয়েছে। ২০১৯ সালের আগে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাটবাসী।
এবারের গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি ৯৯ ও কংগ্রেস ৮০ আসন পেয়েছে। কংগ্রেস গত নির্বাচনের চেয়ে ১৯ আসন বেশি এবং বিজেপি গত নির্বাচনের চেয়ে ১৬ আসন কম পেয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর হিমাচল প্রদেশে এবং ৯ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় গুজরাটের বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ। এদিকে দুই রাজ্যেই বিজেপির বিজয়ের খবর ছড়িয়ে পড়ায় এখন ভারতজুড়েই উৎসবের আমেজ বিজেপি শিবিরে। দিল্লির কেন্দ্রীয় কার্যালয় এবং গুজরাটের গান্ধীনগরের দলীয় কার্যালয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এপি/পি




