
দুধের শিশুকে কোলে নিয়ে পরীক্ষায় বসেছেন মা, এমন খবর আমরা অনেক শুনেছি। কিন্তু অপারেশন থিয়েটারে বসে সন্তানের জন্ম দেয়ার আগে কেউ পরীক্ষা দিতে ব্যস্ত, এমন দৃশ্য আগে দেখেছেন কি?
সম্ভবত না। তবে এক মার্কিন তরুণীর কল্যাণে সেটাও দেখে ফেলল পুরো বিশ্ব।
একদিকে চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে প্রসূতি চটপট নিজের পরীক্ষা শেষ করতে ব্যস্ত। এমন একটি ছবিই এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে টুইটারে। প্রায় ২৮ হাজার শেয়ার আর প্রায় দেড় লাখ লাইক পড়েছে ছবিটিতে। সংখ্যাটা এখনো বেড়ে চলেছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
ব্রিটিশ এই গণমাধ্যমের খবর অনুযায়ী, ছবিটি আমেরিকার কানসাসের নায়জিয়া থমাসের। তিনি জনসন কাউন্টি কমিউনিটি কলেজের মনোবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনাচক্রে শেষ পরীক্ষার পরের দিনই নায়জিয়ার ডেলিভারির ডেট দিয়েছিলেন চিকিৎসকরা। ১২ ডিসেম্বর শেষ পরীক্ষা আর ১৩ ডিসেম্বর ডেলিভারি। কিন্তু নায়জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১২ ডিসেম্বর অর্থাৎ শেষ পরীক্ষার দিনেই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।
তার আত্মীয়-স্বজনরা সবাই ধরেই নিয়েছিলেন একটা বছর নষ্ট হল নায়জিয়ার। কারণ শেষ পরীক্ষা তো আর দিতেই পারবেন না তিনি। কিন্তু হাল ছাড়েননি নায়জিয়া। অপারেশন থিয়েটারে বসেই অনলাইনে শেষ পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। যেমন ভাবা তেমনি কাজ! বাড়ি আর চিকিৎসকদের সঙ্গে কথা বলে অপারেশন থিয়েটারেই আনিয়ে নেন ল্যাপটপ, বইপত্র। প্রসব যন্ত্রণা নিয়েই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেই সন্তান প্রসবের জন্য তৈরি হন তিনি।
শেষ পর্যন্ত দুটোই সফল হয়েছে নায়জিয়ার। তার পরীক্ষাও চমৎকার হয়েছে। আর তিনি ও তার সন্তান উভয়েই সুস্থ আছেন।
এ/এমকে




