
রাশিয়ায় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অধিকারকর্মী অ্যালেক্সি নাভালনিকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত রিয়া-নোভোস্তি এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
রিয়া-নোভোস্তি বলছে, অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত হওয়ার কারণে আবেদন জমা দেয়ার একদিন পরই তা বাতিল করে দিয়েছে রাশিয়ার সেন্ট্রাল ইলেকশন কমিশন (সিইসি)।
সিইসির একজন সদস্য বরিস এবজিভ বলেছেন, প্রথমত, একজন নাগরিক যিনি অপরাধ বা গুরুতর অপরাধের কারণে কারাগারে গিয়েছেন, তার রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ার কোনো অধিকার নেই।
তবে বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত অবাক হওয়ার মতো নয়। কেননা এটা একরকম নিশ্চিতই ছিল যে নাভালনিকে অযোগ্য ঘোষণা করা হবে। রাশিয়ার আইন অনুযায়ী অপরাধীরা নির্বাচন করতে পারবেন না। তবে নাভালনি ও তার সমর্থকরা বলেছেন, তার বিরুদ্ধে আনা ওই অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে নাভালনির নির্বাচনী প্রচারণা টিমের প্রেস সেক্রেটারি রুশলান সাভেদদিনভ বলেছেন, তারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবেন।
এর আগে নাভালনি ২০১৮ সালে রাশিয়ার নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এ মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট পুতিন স্বাধীনভাবে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়ার কয়েকদিন পর নাভালনির পক্ষ থেকে এ ধরনের ঘোষণা আসে।
ওইসময় প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, তিনি রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় ভারসাম্য আনতে চান। বিরোধীদের অনুপস্থিতির কারণে যেটা সম্ভব নয়।
১৯৯৯ সাল থেকে ভ্লাদিমির পুতিন এক মেয়াদে প্রধানমন্ত্রী আর দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দেশটির ক্ষমতায় রয়েছেন।
এ/ এমকে




