
সারাবিশ্বে লাখ লাখ পরিবারে যখন বইছে হাসি-আনন্দের জোয়ার, তখন ফিলিস্তিনের এক পরিবারে দুঃখের বন্যা। বলছি, বাসেম তামিমির পরিবারের কথা। জানেন কে এই বাসেম তামিমি? দখলদার ইসরায়েলি দুই সেনার গালে চড় মারা ফিলিস্তিনি সাহসী ষোড়শী আহেদ তামিমির বাবা তিনি।
পরিবারের সদস্যদের মুক্তির অপেক্ষায় তিনি ইসরায়েলি একটি আদালতে চার ঘণ্টা বসেছিলেন। আশা ছিল, তারা হয়তো ছাড়া পাবে। কিন্তু না, এক সপ্তাহের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ওই নারীদের বন্দিত্বের সময় বাড়িয়েছে আদালত। অধিকতর তদন্তের জন্য আরো চারদিন তাদের বন্দি করে রাখা হবে আদালত জানিয়েছে।
বাসেম বলেছেন, রামাল্লায় ইসরায়েলি অফের ডিটেনশন সেন্টারে সোমবার কোর্টের অধিবেশন চলে ছয় ঘণ্টা ধরে। তিনি বলেন, আহেদকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল।
বাসেম আরো বলেন, আমাকে আহেদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। আমি আহেদের সঙ্গে কথা বলতে চেয়েছি। কিন্তু তাকে সেই সুযোগ দেয়নি ইসরায়েলি কর্মকর্তারা।
তিনি বলেন, যখনই আমি আহেদের সঙ্গে কথা বলতে চেয়েছি একজন কর্মকর্তা আমাকে চুপ থাকতে বলেছেন। নাহলে কোর্ট থেকে বের করে দেয়ার হুমকি দেয় ওই কর্মকর্তা।
১৯ ডিসেম্বর নিজ বাড়িতে দুই সেনার গালে চড় মারার ঘটনার পরদিন আহেদকে তার মা ও এক আত্মীয়াসহ আটক করে ইসরায়েলি সেনারা। শারীরিকভাবে হেনস্থা করতে গেলে এক পর্যায়ে দুই সেনার গায়ে চপেটাঘাত করেন আহেদ। পরে এর ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।
এ/পি




