
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম বছরের মার্কিন বিদেশ নীতি সফল বলে দাবি করেছেন রেক্স টিলারসন। এসময় উত্তর কোরিয়াকে চাপে রাখা, ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই ও ইউক্রেনকে সমর্থন করার মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র সফল বলে তুলে ধরেন।
বুধবার নিউ ইয়র্ক টাইমসে ‘আই অ্যাম প্রাউড অব আওয়ার ডিপ্লোম্যাসি’ শীর্ষক এক মতামত কলামে এসব কথা লিখেন টিলারসন।
তিনি লিখেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অগ্রগতিতে মার্কিন কর্মকাণ্ডের জন্য দেশটির জনগণের উৎসাহিত হওয়া উচিত।
টিলারসন আরো লিখেছেন, চ্যালেঞ্জ থাকার পরও সমস্যা সমাধানে আমি কূটনৈতিক তৎপরতার বিষয়েই আশাবাদী ছিলাম।
তিনি লিখেন, সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম ভাবনা হচ্ছে, কিভাবে আমি ও আমার সহকর্মীরা কূটনীতির সাহায্যে বিশ্ব জুড়ে হত্যা, জখম ও অধিকার বঞ্চিতদের জন্য কাজ করতে পারি?
মার্কিন শীর্ষ কূটনীতিক হিসেবে প্রথম বছরটা খুব একটা সহজ ছিল না টিলারসনের জন্য। উত্তর কোরিয়া-কাতারের মতো ইস্যুগুলোর জন্য প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও জড়াতে হয়েছে তাকে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে টিলারসনকে।
এসবের মধ্যে টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার গুঞ্জনও ওঠে। তবে খোদ ট্রাম্পই বিষয়টি ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেন।
এ/এএ




