
সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে আটক হওয়া দুই প্রিন্সকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল তাদের মুক্তি অনুমোদন করেন। মুক্তি পাওয়া ওই দুইজন হচ্ছেন প্রিন্স মেশাল বিন আব্দুল্লাহ ও প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ। তারা প্রয়াত বাদশাহ আবদুল্লাহর ছেলে। খবর রয়টার্সের।
এই দুইজনও অর্থের বিনিময়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে ওই আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত একটি সূত্র। তবে ঠিক কত টাকার বিনিময়ে তারা মুক্তি পেয়েছেন সেটা এখনো জানা যায়নি।
এদিকে এই দুইজন মুক্তি পেলেও তাদের আরেক ভাই এখনো বন্দি রয়েছে। সূত্রগুলো জানিয়েছে, প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহকে ছেড়ে দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি অ্যাটর্নি জেনারেল।
অন্যদিকে মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার ওই দুই প্রিন্সের একটি ছবি টুইট করেছে রাজপরিবারের একজন সদস্য।
সৌদির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদের বিলাসবহুল হোটেল রিটজ কার্লটনে তাদের বন্দি করে রাখা হয়েছিল। পরে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তারা মুক্তি পেয়েছেন।
সৌদির ওকাজ পত্রিকা জানিয়েছে, অর্থের বিনিময়ে এ পর্যন্ত ২৩ জন ছাড়া পেয়েছেন। তবে যারা এখনো মুক্তি পাননি তাদের বিচারের মুখোমুখি করা হবে।
এর আগে প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ একশ কোটি ডলারের বিনিময়ে মুক্ত পান। আর দেশটির শীর্ষ ধনী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের কাছে মু্ক্তির বিনিময়ে চাওয়া হয় ছয়শ কোটি ডলার।
গেলো নভেম্বরে যুবরাজ মোহাম্মদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হলে রাজপরিবারের সদস্য, মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ প্রায় ২শ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের রিয়াদের বিলাসবহুল হোটেল রিটজ কার্লটনে রাখা হয়।
এ/এমকে




