
যুক্তরাষ্ট্রের শিকাগোর ডাল্টনে ডাকাতের গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আরশাদ ভোরা। ডাকাতের গুলিতে গুরুতর জখম হয়েছেন আরশাদের এক আত্মীয়ও। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
জানা গেছে, এবছর সন্ত্রাসীদের হামলায় কানসাস, মিসিসিপি ও লাস ভেগাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অন্তত ৮ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, আরশাদের পৈত্রিক বাড়ি গুজরাটে। তবে তার জন্ম যুক্তরাষ্ট্রে। শিকাগোর ডাল্টনে একটি বড় পেট্রোলপাম্প লাগোয়া একটি ‘কনভিনিয়েন্স স্টোর’রয়েছে আরশাদের পরিবারের।
বৃহস্পতিবার গভীর রাতে সেই পেট্রোল স্টেশনে হামলা চালায় সশস্ত্র ডাকাতেরা। তারা স্টেশনের অফিস ভাঙচুর করে ক্যাশবাক্স লুঠপাটের চেষ্টা করে। আরশাদ তাদের থামানোর চেষ্টা করলে খুব কাছ থেকে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরশাদের।
গুরুতর জখম হন আরশাদের ৫৫ বছর বয়সী এক আত্মীয়। তার অবস্থা সঙ্কটজনক। তদন্তের স্বার্থে তার নাম গোপন রাখা হয়েছে। ওই ঘটনায় জড়িতদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পেট্রোল স্টেশনের সিসিটিভি’র ফুটেজ দেখে অপরাধীদের চেনার চেষ্টা চালানো হচ্ছে। অপরাধীদের সন্ধান দেয়ার জন্য ১২ হাজার ডলার আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
এপি/পি




