
নেপাল সরকার পর্বতারোহণের সময় সংঘটিত দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে একাকী পর্বতারোহণ নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা মাউন্ট এভারেস্টসহ নেপালের আরো কিছু পর্বতের বেলায়ও কার্যকর থাকবে। খবর এপি।
নেপালের ট্যুরিজম কর্তৃপক্ষ জানায়, পর্বতারোহীদের নিরাপত্তা বাড়ানো ও দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে এ নিষেধাজ্ঞা।
নতুন এই আইন অনুযায়ী একাকী এভারেস্টের চূড়ায় ওঠা থেকে বিরত রাখা হবে। এছাড়া অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিরা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের অনুমতি পাবে না।
২০১৭ সালে রেকর্ড সংখ্যক পর্বতারোহী এভারেস্ট জয়ের চেষ্টা চালান। আর এতে হতাহতের সংখ্যাও ছিল অন্য বছরের তুলনায় অনেক বেশি।
চলতি বছর এভারেস্ট জয় করতে গিয়ে মারা গেছেন ছয় জন। এরমধ্যে ৮৫ বছরের নেপালি মিন বাহাদুর বেশ আলোচিত হয়েছেন। মিন বাহাদুর বিশ্বের সবচেয়ে বয়স্ক এভারেস্ট বিজয়ীর খেতাব অর্জনের প্রচেষ্টায় মারা যান। বিশ্বখ্যাত সুইস পর্বতারোহী ইউলি স্টেক এভারেস্টের পার্শ্ববর্তী একটি চূড়ায় ‘সোলো ক্লাইম্বিং’য়ের সময় মারা যান।
নতুন আইন অনুযায়ী বিদেশি পর্বতারোহীদের বাধ্যতামূলকভাবে স্থানীয় গাইডের সহযোগিতা নিতে হবে। এতে অনেক স্থানীয় লোকের কর্মসংস্থান হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে অন্ধ ও প্রতিবন্ধীদের নিষেধাজ্ঞাটি বৈষম্যমূলক বলে মনে করছেন অনেকে।
এপি/পি




