
হঠাৎ পাহাড় থেকে নেমে আসা ভূমিধসে সড়কে গড়িয়ে পড়ে বিশাল পাথর। ঘটনাটি ঘটেছে ভারতের অরুণাচল প্রদেশে। এতে অন্তত দুটি গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৫ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম কামেং জেলার সাপার ক্যাম্পের কাছে বিকেলের দিকে প্রবল ভূমিধসের ঘটনা ঘটে। এতে অরুণাচল প্রদেশের দিরাং এবং তাওয়াংয়ের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পদ্মা হোটেলের কাছে প্রায় ১২০ মিটার এলাকা ধসে পড়া পাথরে অবরুদ্ধ হয়ে যায়।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, পাহাড় থেকে গড়িয়ে আসা বিশাল পাথরের আঘাতে আতঙ্কে মানুষ দৌড়ে আশ্রয় নিচ্ছেন। একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু মানুষ গাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে যান।
চোখের সামনে ঘটে যাওয়া ভয়াবহ পরিস্থিতিতে কেউ চিৎকার করে বলেন, ওয়ে কুছ আ রাহা হ্যায় (কিছু একটা আসছে), আরেকজন সতর্ক করে বলেন, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, জলদি।
এ সময় সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হর্ন বাজানো, গাড়ি উল্টে যাওয়া এবং পাথরে আঘাত পাওয়ার দৃশ্য ধরা পড়ে ভিডিওতে।
সূত্র জানায়, ধসে অবরুদ্ধ এলাকা থেকে পাথর সরাতে উদ্ধারকাজ চলছে। খুব শিগগিরই সড়ক যোগাযোগ পুনরায় চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।
আরটিভি/এসকে




