
বিমান নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিজয়ওয়াড়া বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে পাখির ধাক্কায় বেঙ্গালুরুগামী একটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিমান সংস্থা।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, রানওয়েতে ট্যাক্সি করার সময় একটি ঈগল বিমানের নাকে ধাক্কা মারে। এ কারণে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করা হয় এবং বিকল্প ব্যবস্থা নিতে হয়। বাতিল হওয়া ফ্লাইটে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তাঁদের জন্য বিনামূল্যে ফ্লাইট পুনর্নির্ধারণ কিংবা সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
সংস্থার এক বিবৃতিতে বলা হয়, আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।
এর আগে চলতি বছরের ১২ জুন ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইট। আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরই কারিগরি ত্রুটির কারণে বিমানের পাইলট ‘মেডে’ সংকেত পাঠান। কিছুক্ষণের মধ্যেই বিমানটি মেঘানীনগর এলাকায় একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ওই ফ্লাইটে ২৪২ জন আরোহী ছিলেন। সেটিই ছিল মডেলটির প্রথম সম্পূর্ণ ধ্বংসের ঘটনা।
ভারতের জাতীয় পতাকাবাহী এই সংস্থার দীর্ঘ ইতিহাসে দুর্ঘটনার সংখ্যা কম নয়। মানবিক ভুল, কারিগরি জটিলতা কিংবা সন্ত্রাসী হামলা সবই এয়ার ইন্ডিয়ার অতীতে কালো অধ্যায় হয়ে আছে। প্রতিটি দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে এ সংস্থার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে।
আরটিভি/এসকে




