
আন্তর্জাতিক জলসীমায় ভেনিজুয়েলার একটি নৌযানে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, নৌকাটি যুক্তরাষ্ট্রের দিকে মাদক পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। খবর বিবিসি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রাম্প এক বিবৃতিতে জানান, তার নির্দেশেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলার আগে বা পরে নৌকাটিতে মাদক থাকার কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। ট্রাম্প বলেন, অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির জন্য হুমকি। এ কারণে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।
ঘটনার পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে যুক্তরাষ্ট্রের আগ্রাসন হিসেবে অভিহিত করে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘হত্যা ও যুদ্ধের প্রভু’ আখ্যা দেন এবং জানান, কারাকাস এই আগ্রাসন প্রতিহত করবে।
দক্ষিণ ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুদ্ধজাহাজ মোতায়েন করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এর আগে প্রথম দফার এক হামলায় ১১ জন নিহত হয়েছিল।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে সমুদ্রে থাকা নৌকায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তিনি দাবি করেন, হামলার পর নৌকা থেকে কোকেন ও ফেন্টানিলের ব্যাগ ছড়িয়ে পড়ে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ঘটনাটি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ওয়াশিংটন শতভাগ নিশ্চিত ছিল যে নৌকাটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদক পাচার হচ্ছিল।
আরটিভি/এসকে




