
চীনের শাংহাইয়ে অবিশ্বাস্য এক ঘটনায় দুই কিশোরকে প্রায় ২২ লাখ ইউয়ান (৩ লাখ ৯ হাজার ডলার) জরিমানা করেছে আদালত। ঘটনাটি ঘটে চলতি বছরের ফেব্রুয়ারিতে। দেশটির জনপ্রিয় হটপট চেইন রেস্তোরাঁ ‘হাইদিলাও’-এর একটি শাখায় ওই দুই কিশোর মদ্যপ অবস্থায় স্যুপের পাত্রে প্রস্রাব করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত স্যুপ কেউ খায়নি। তারপরও তারা ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই শাখায় খেতে আসা ৪ হাজারের বেশি গ্রাহককে বিল ফেরত এবং বিলের ১০ গুণ অর্থ ফেরত দেয়। এতে প্রতিষ্ঠানটির প্রায় ২.৩ কোটি ইউয়ান ক্ষতি হয়। পাশাপাশি হটপটের সব সরঞ্জাম বদলানো হয় এবং রেস্তোরাঁজুড়ে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালানো হয়।
গত শুক্রবার আদালত জানায়, কিশোরদের এই আচরণ রেস্তোরাঁর সম্পত্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র অস্বস্তি সৃষ্টি করেছে। আদালতের মতে, কিশোরদের অভিভাবকরা যথাযথভাবে নজরদারি না করায় জরিমানার দায়ভার তাদেরও নিতে হবে।

জরিমানার মধ্যে রয়েছে:
.অপারেশনাল ও সুনামজনিত ক্ষতির জন্য ২০ লাখ ইউয়ান
.এক ক্যাটারিং কোম্পানির সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১.৩ লাখ ইউয়ান
.আইনি ব্যয় বাবদ ৭০ হাজার ইউয়ান।
তবে আদালত পরিষ্কার করে জানায়, গ্রাহকদের দেওয়া অতিরিক্ত ক্ষতিপূরণ ছিল হাইদিলাও-এর নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত, তাই তা কিশোরদের কাছ থেকে আদায়যোগ্য নয়।
উল্লেখ্য, ১৯৯৪ সালে সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং-এ যাত্রা শুরু করা হাইদিলাও বর্তমানে বিশ্বজুড়ে এক হাজারের বেশি শাখা পরিচালনা করছে। ব্যতিক্রমী গ্রাহকসেবার জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে জনপ্রিয়।
সূত্র : বিবিসি
আরটিভি/এসকে




