
ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় চিতাবাঘের হামলায় প্রাণ গেল এক প্রথম শ্রেণির ছাত্রের। ছয় বছরের ওই শিশুর নাম সিদ্ধার্থ প্রবীণ কেড়কর। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুন্নারের কুমশেত গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, দিনমজুর বাবা-মায়ের একমাত্র সন্তান সিদ্ধার্থ স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার প্রতি তার আগ্রহ পরিবারের কাছে একমাত্র আশার আলো হয়ে উঠেছিল।
ঘটনার দিন সন্ধ্যায় বই হাতে বাড়ির উঠানে পড়তে বসেছিল শিশুটি। এ সময় হঠাৎ করে একটি চিতাবাঘ তাকে আক্রমণ করে এবং টেনে-হিঁচড়ে বনের দিকে নিয়ে যায়। উঠানে পড়ে থাকে খোলা বইটি।
পরে স্বজনরা শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারকে খবর দেন। প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ব্যাপক খোঁজাখুঁজি শেষে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, এ বছর পুনে জেলায় চিতাবাঘের হামলায় এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। গত এপ্রিল মাসে শিরুরের ইনামগাঁওয়ে ৮৫ বছরের এক বৃদ্ধা চিতাবাঘের হামলায় নিহত হয়েছিলেন। গত বছর এ জেলায় চিতাবাঘের আক্রমণে ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছিলেন।
চিতাবাঘের এ ধরনের হামলা এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে।
আরটিভি/এসকে




