
গাজা উপত্যকার উপর ইসরায়েলি অবরোধ ভাঙার প্রচেষ্টায় অংশ নেওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অভিযানে আটক হওয়া পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৫৬ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল।
সোমবার (৬ অক্টোবর) ইসরায়েলি টেলিভিশন সংবাদমাধ্যম আই২৪ নিউজ-এর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটা থুনবার্গসহ মোট ১৬৫ জন অভিযাত্রীকে একটি বিশেষ উড়োজাহাজে করে গ্রিসে পাঠানো হচ্ছে। এই ১৬৫ জনের মধ্যে গ্রিসের যতজন নাগরিক ফ্লোটিলা অভিযানে ছিলেন, তারাও অন্তর্ভুক্ত।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য জরুরি খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেন থেকে গাজা উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘সুমুদ ফ্লোটিলা’ মিশনের ৪৩টি ছোট-বড় নৌযান। এই মিশনের মূল উদ্যোক্তা ছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি), যা ৪টি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা—ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা—নিয়ে গঠিত।
এই বহরে আলোচিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের পাঁচ শতাধিক নাগরিক অংশ নেন। আটক হওয়া এই নাগরিকদের মধ্যে আইনপ্রণেতা, আইনজীবী, রাজনৈতিক আন্দোলনকর্মী এবং স্বেচ্ছাসেবীও ছিলেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযাত্রীদের মধ্য থেকে ১৫৬ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেও, বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আরটিভি/আর/এসআর




