
বেবি পাউডারে ক্যানসারের উপাদান থাকার অভিযোগে বিশ্বের অন্যতম বৃহৎ প্রস্তুতকারক জনসন অ্যান্ড জনসনকে বিপুল অঙ্কের জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। বিরল ক্যানসারে মারা যাওয়া এক নারীর পরিবারকে এ ক্ষতিপূরণ দিতে কোম্পানিটিকে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের জুরি বোর্ড মনে করেছে, বিশ্বের অন্যতম বৃহৎ বেবি পাউডার প্রস্তুতকারক এই কোম্পানিটি ওই নারীর মৃত্যুর জন্য দায়ী।
বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, আদালত জনসন অ্যান্ড জনসনকে মোট ৯৬ কোটি ৬০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭৩ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন।
এ মামলার বাদী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুরের পরিবার। মে মুর ২০২১ সালে ৮৮ বছর বয়সে বিরল মেসোথেলিওমা ক্যানসারে মারা যান। তার পরিবার ওই বছরই জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ কোম্পানিটির তৈরি বেবি পাউডারে অ্যাসবেস্টস নামের ক্ষতিকর তন্তু ছিল যার কারণে মে মুর ক্যানসারে আক্রান্ত হন এবং পরে মারা যান।
আদালতের নথি অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় জুরি বোর্ড জনসন অ্যান্ড জনসনকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ৬০ লাখ ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ বাবদ ৯৫ কোটি ডলার পরিশোধের নির্দেশ দেয়।
তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে, শাস্তিমূলক ক্ষতিপূরণের পরিমাণ সাধারণত মূল ক্ষতিপূরণের ৯ গুণের বেশি হওয়া উচিত নয়। তাই জনসন অ্যান্ড জনসন আপিল করলে এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণের পরিমাণ কমতে পারে।
এদিকে লস অ্যাঞ্জেলেসের আদালতের এই রায়কে জনসন অ্যান্ড জনসনের আইনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে ‘ভয়াবহ ও অসাংবিধানিক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, তার মক্কেল দ্রুতই এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
এরিক হাস বলেন, বাদীপক্ষের আইনজীবীরা এমন ‘ভুয়া বিজ্ঞানের’ ওপর ভিত্তি করে তাদের যুক্তি দাঁড় করিয়েছেন, যা জুরির সামনে উপস্থাপন করা উচিত ছিল না।
জনসন অ্যান্ড জনসন বরাবরই দাবি করে আসছে যে, তাদের পণ্য নিরাপদ; এতে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যানসার সৃষ্টি করে না। তা সত্ত্বেও, ট্যালকম পাউডারে অ্যাসবেস্টস থাকার অভিযোগে বিশ্বজুড়ে কোম্পানিটিকে হাজার হাজার মামলার মুখোমুখি হতে হচ্ছে।
আরটিভি/এআর-এফএ




