
ইসরায়েল ও হামাসের মধ্যে গাজার যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই সঙ্গে তিনি এই যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের 'এক্স' অ্যাকাউন্টে এরদোয়ান লেখেন, হামাস-ইসরায়েল আলোচনার ফলস্বরূপ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।
এসময় তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। একইসাথে তিনি চুক্তিটি সফল করতে কাতার এবং মিসরের উল্লেখযোগ্য সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির আলোচনায় তারা ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এবং মিসরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় আঙ্কারা একটি প্রতিনিধিদলও পাঠিয়েছিল। এরদোয়ান নিশ্চিত করেছেন, তুরস্ক এই চুক্তির কঠোর বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
আরটিভি/এআর




