
এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল ইরান। এখন থেকে দেশটি নিজস্ব ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে। এই সাফল্যের ফলে দেশটি উপগ্রহ এবং উৎক্ষেপণ যন্ত্রের নকশা, উন্নয়ন ও উৎক্ষেপণের পূর্ণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় শামিল হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
সালারিয়েহ বলেন, বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে মাত্র ১০ থেকে ১১টি দেশই মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক দক্ষতা অর্জন করতে পেরেছে, যার মধ্যে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও কিছু ইউরোপীয় দেশ রয়েছে। ইরান নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তিতে স্বনির্ভরতা গড়ে তোলার মাধ্যমেই এ সক্ষমতা অর্জন করেছে।
সালারিয়েহ আরও জানান, এই অগ্রগতি অর্জনে ইরান নিজস্ব মানবসম্পদ এবং প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করেছে। তেহরান একইসঙ্গে উপগ্রহ ও উৎক্ষেপক (লঞ্চার) উভয় প্রযুক্তিতে উন্নয়ন ঘটিয়েছে, যার জন্য অত্যন্ত জটিল ও বিশেষায়িত দক্ষতার প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তিতেও ইরানের অগ্রগতি চোখে পড়ার মতো। শুরুতে প্রতিটি পিক্সেলে প্রায় এক হাজার মিটার রেজোলিউশন ছিল, যা বর্তমানে উন্নত হয়ে মাত্র কয়েক মিটারে নেমে এসেছে। এই অগ্রগতির পেছনে দেশটির বিশ্ববিদ্যালয়, সরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় অনুমোদিত কোম্পানিগুলোর মধ্যে দৃঢ় সমন্বয় কাজ করেছে।
আরটিভি/এআর/এস




