
ভালোবাসা শুধু অনুভূতির নয়, ত্যাগেরও প্রতীক এমনই এক নজির গড়লেন ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ের তরুণী প্রিয়া। করবা চৌথের দিনে নিজের স্বামী পুরুষোত্তমের জীবন বাঁচাতে তিনি দান করেছেন নিজের একটি কিডনি।
পরিবার সূত্রে জানা গেছে, কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার কিছুদিন পর থেকেই পুরুষোত্তম শারীরিক নানা সমস্যায় ভুগতে থাকেন। মাথাব্যথা ও অস্বাভাবিক ক্লান্তি দেখা দিলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন ছাড়া বাঁচানো সম্ভব নয় বলে সতর্ক করেন চিকিৎসকেরা।
এই কঠিন পরিস্থিতিতে পরিবারে কেউ অঙ্গদানে রাজি না হলেও, এক মুহূর্ত দেরি না করে প্রিয়া এগিয়ে আসেন স্বামীর জীবন বাঁচাতে। দুই দিন আগে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। বর্তমানে প্রিয়া ও পুরুষোত্তম দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রিয়া বলেন, যদি আমার কিডনি দানে স্বামীর জীবন বাঁচে, তাহলে এটাই হবে আমার জীবনের সেরা করবা চৌথ।
অন্যদিকে, আবেগাপ্লুত পুরুষোত্তম বলেন, প্রিয়া আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এ বার থেকে প্রতিটি করবা চৌথ হবে আমার পুনর্জীবনের দিন।
এই ঘটনা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে প্রিয়ার এই আত্মত্যাগকে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ হিসেবে প্রশংসা করছেন।
সূত্র : আনন্দবাজার
আরটিভি/এসকে




