
গাজায় আটক থাকা সব জিম্মি নিরাপদে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। রোববার (১২ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের মুখপাত্র শোশ বেড্রোসিয়ান এই তথ্য জানান। খবর আল আরাবিয়ার।
শোশ বেড্রোসিয়ান সাংবাদিকদের বলেন, কাল মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা আমাদের সব জিম্মি ইসরায়েলের ভেতরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হলেই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।
ইসরায়েলি কর্তৃপক্ষ আশা করছে, দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় আটক থাকা সব জিম্মির মুক্তি প্রক্রিয়া সোমবার ভোরের দিকে শুরু হবে। তবে বেড্রোসিয়ান জানান, জিম্মিদের শনাক্তকরণ সাপেক্ষে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো প্রস্তুত থাকবে। তিনি বলেন, তারা (জিম্মিরা) ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া মাত্রই, ওই বাসগুলো যাত্রা শুরু করবে।
বেড্রোসিয়ান নিশ্চিত করেছেন যে, মুক্তি পাওয়া ২০ জন জীবিত জিম্মিকে রেড ক্রস-এর কাছে হস্তান্তর করা হবে এবং ছয় থেকে আটটি গাড়িতে করে তাদের ইসরায়েলি-নিয়ন্ত্রিত অংশে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাদের রিম সামরিক ঘাঁটিতে নিয়ে পরিবারের সঙ্গে দেখা করানো হবে। পরে তাদের চিকিৎসার জন্য শিবা, বেইলিনসন এবং ইচিলভ—এই তিনটি প্রধান হাসপাতালে পাঠানো হবে।
অন্যদিকে, মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দিদের মধ্যে ২৫০ জন নিরাপত্তা বন্দী এবং প্রায় ১ হাজার ৭০০ জন রয়েছেন যাদের যুদ্ধের সময় ইসরায়েলি সামরিক বাহিনী আটক করেছিল।
উল্লেখ্য, এর আগের যুদ্ধবিরতির সময় মৃত জিম্মিদের পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন হয়েছিল, যা প্রক্রিয়াকে বিলম্বিত করেছিল।
আরটিভি/এআর




