
বিশ্ববাজারে সোনার দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। টানা বৃদ্ধির পর গত মঙ্গলবার (২১ অক্টোবর) সোনার দাম ৫ শতাংশের বেশি কমে যায়। তবে একদিন না যেতেই বুধবার (২২ অক্টোবর) সকালে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও পরে আবার কমে যায় দাম।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সপ্তাহের শুরুতে বড় দরপতনের পর বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,১৩৪.৩৭ ডলার দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির ইউএস গোল্ড ফিউচার প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,১৪৭.১০ ডলারে লেনদেন হয়।
তবে সর্বশেষ তথ্যে দেখা যায়, বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে স্পট গোল্ডের দাম আবার কমে ৪,০৬৭ ডলার প্রতি আউন্সে নেমে আসে, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষকরা বলছেন, মঙ্গলবারের বড় দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কেনার সুযোগ দেখেছেন। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ডলারের দরপতনও স্বর্ণে বিনিয়োগে উৎসাহ দিয়েছে।
বাজার বিশ্লেষক রোনা ও’কনেল রয়টার্সকে বলেন, এই সংশোধন প্রয়োজন ছিল, কারণ বাজারে সোনার অতিরিক্ত ক্রয় হয়েছিল। যুক্তরাষ্ট্রের সুদের হার কমার প্রত্যাশা বিনিয়োগকারীদের আবারও সোনার দিকে ফিরিয়ে আনছে।
এদিকে, বিনিয়োগকারীদের দৃষ্টি এখন শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদনের দিকে। ওই প্রতিবেদন থেকেই ধারণা মিলতে পারে ফেডারেল রিজার্ভ আসন্ন সময়ে সুদের হার কমাবে কি না।
রুপার দামও বুধবার কিছুটা বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪৮.৮৪ ডলার হয়েছে। এর আগে মঙ্গলবার রুপার দাম ৭ দশমিক ১ শতাংশ কমেছিল।
মূল তথ্য—
. মঙ্গলবার সোনার দাম কমে ৫.৩% , ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় দৈনিক পতন
. সর্বনিম্ন দাম: ৪,০০৩.৩৯ ডলার প্রতি আউন্স
. বুধবার সকালে বৃদ্ধি, সন্ধ্যায় পুনরায় পতন।
বিনিয়োগকারীরা নজর রাখছেন যুক্তরাষ্ট্রের সিপিআই প্রতিবেদন ও ফেডের সুদের হার সিদ্ধান্তের দিকে।
আরটিভি/এসকে




