
প্রকৃতির সঙ্গে সহাবস্থানকে উৎসবে রূপ দিয়েছে ভারতের তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম। সন্ধ্যা নামলেই শান্ত-স্নিগ্ধ গ্রামটির আকাশে ভেসে বেড়ায় অসংখ্য বাদুড়। তাদের কিচিরমিচির ডাক আর ডানা ঝাপটানোর শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক।
শুনতে অবাক লাগলেও, এখানকার বাসিন্দারা প্রতি বছর আয়োজন করেন এক অনন্য উৎসব বাদুড় উৎসব। এই উৎসবের মূল লক্ষ্য বাদুড়দের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং তাদের আবাস রক্ষায় সচেতনতা সৃষ্টি করা।
স্থানীয়দের বিশ্বাস, এই বাদুড়েরা শুধু রাতের অতিথি নয়, বরং প্রকৃতির রক্ষক। বিশেষ করে কৃষিক্ষেতে এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর গ্রামের মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার।

উৎসবের রাতে বাদুড়দের জন্য ফল, ফুল ও দুধ সাজিয়ে রাখা হয়। গ্রামে নেমে আসে এক ধরনের নীরবতা যেন কোনো শব্দে বাদুড়রা বিরক্ত না হয়। ঠিক এক নিঃশব্দ শ্রদ্ধা অনুষ্ঠানের মতো করেই চলে সব আয়োজন।
স্থানীয়রা এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বার্তা, ‘বাদুড়কে ভয় নয়, বন্ধু ভাবুন।’
তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আশপাশের এলাকাগুলোতেও শুরু হয়েছে বাদুড় সংরক্ষণের অনুরূপ উদ্যোগ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এমন সচেতনতা নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠছে।
আরটিভি/এসকে




