চীনে ভালোবাসার পরীক্ষা নিতে নারীদের ‘এআই প্র্যাঙ্ক’, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২৬ অক্টোবর ২০২৫ , ০৭:৫৫ পিএম


চীনে ভালোবাসার পরীক্ষা নিতে নারীদের ‘এআই প্র্যাঙ্ক’, অতঃপর...
ছবি: সংগৃহীত

চীনে স্বামী বা প্রেমিকের ভালোবাসা ও যত্ন পরীক্ষা করার জন্য নারীদের মধ্যে চালু হওয়া নতুন ট্রেন্ড এআই ভবঘুরে প্র্যাঙ্ক এখন পারিবারিক জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ঘরের ভেতরে ভবঘুরে পুরুষের ছবি সঙ্গীকে পাঠিয়ে উদ্বেগ বাড়ানো এবং তাদের প্রতিক্রিয়া দেখার এই প্রবণতা, অনেকের ক্ষেত্রে ডেকে আনছে পুলিশি ঝামেলা ও আইনি শাস্তি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

চীনের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে অনেক নারী এই প্র্যাঙ্ক করার কথা স্বীকার করেছেন। তারা এআই-নির্মিত ছবি পাঠিয়ে সঙ্গীকে ভাবাচ্ছেন যে, বাইরে থেকে তারা কোনো ভবঘুরেকে বাড়িতে নিয়ে এসেছেন। এর উদ্দেশ্য—সঙ্গী তাদের কতটা রক্ষা বা দেখভাল করেন, তা পরীক্ষা করা।

কিন্তু এর ফল হচ্ছে উল্টো। গত ১৭ অক্টোবর চীনের আনহুই প্রদেশের এক নারী তার স্বামীকে এমন ছবি পাঠানোর পর স্বামী সেটিকে বাস্তব ভেবে সঙ্গে সঙ্গে পুলিশ ডাকেন। পুলিশ কর্মকর্তারা তাদের বাড়িতে এসে দেখতে পান, ওই ছবিগুলো আসলে এআই দ্বারা তৈরি করা হয়েছে। পুলিশ তখন ওই নারীকে ভয় ছড়ানো এবং জনসাধারণের সম্পদ নষ্ট করার জন্য সতর্ক করে।

আরও পড়ুন

আরেকটি ঘটনায় একজন নারী সামাজিক মাধ্যমে জানান যে, তিনি এই প্র্যাঙ্ক করার পর তার সঙ্গী সম্পত্তি ব্যবস্থাপনা কর্মীদের সাহায্য চান এবং কর্মীরা তার দরজা পর্যন্ত চলে আসেন। এ কারণে তিনি প্রতিজ্ঞা করেন যে, আর কখনোই এআই ভবঘুরে প্র্যাঙ্ক করব না। অন্য একজন ব্যবহারকারী জানিয়েছেন, তাদের প্রতিবেশীর এক নারী গ্রুপ চ্যাটে একই প্র্যাঙ্ক করায় পুলিশ ডেকে তাকে মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে শাস্তি দেয়।
 
এঘটনায় আইনজীবী ঝো ঝাওচেং  সংবাদমাধ্যম লিগ্যাল ডেইলিকে বলেছেন, এআই ভবঘুরে প্র্যাঙ্কগুলো যদি পরিবারকে পুলিশ ডাকার মতো অবস্থায় ফেলে, তবে তা একটি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। জননিরাপত্তা প্রশাসন শাস্তি আইন অনুসারে, যারা এমন কাজ করবে, তাদের ১০ দিনের আটকাদেশ এবং ৫০০ ইউয়ান (৭০ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। যদি এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে, তবে দায়ী ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য তৈরি করার অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

অনেকেই এই প্র্যাঙ্কের তীব্র সমালোচনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, তোমরা কি নেকড়ে এসেছে গল্পটি শোনোনি? বারবার মিথ্যা অ্যালার্ম বাজালে, আসল বিপদের সময় কেউ বিশ্বাস করবে না।  আরেকজন হতাশা প্রকাশ করে বলেছেন, ভালোবাসার জন্য কতটা মরিয়া হলে মানুষ এমন প্র্যাঙ্ক করে?

এই প্রবণতা এআই-সৃষ্ট বিষয়বস্তু নিয়ে আস্থার সংকট তৈরি করেছে বলে অনেকে মত দিয়েছেন। উল্লেখ্য, এর আগে এআই-সৃষ্ট চীনের অলিম্পিক চ্যাম্পিয়নদের ফলস বিজ্ঞাপনী ভিডিও প্রচারের কারণেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission